রাজধানীতে মহিলা জামায়াতের শিক্ষা শিবির: চলছে ১৬ মে পর্যন্ত
রাজধানীতে আয়োজিত তিন দিনব্যাপী মহিলা শিক্ষা শিবিরে ইসলামী আদর্শ, দায়িত্ববোধ ও আখিরাতমুখী জীবনদর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মহিলা দায়িত্বশীল নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়ার ক্ষণস্থায়ী অর্জন বা জীবনের অপূর্ণতা কখনোই ঈমান ও দ্বীনি কাজের উৎসাহকে দুর্বল করা উচিত নয়। একজন মুমিনের আসল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন।
তিনি আরও বলেন, আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থেকে আন্তরিকতার সঙ্গে দ্বীনের পথে কাজ করে যাওয়াই প্রকৃত দায়িত্বশীলতার পরিচয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য, নিষ্ঠা ও অবিচলতা ধরে রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
শিবিরে উদ্বোধনী বক্তব্য দেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আদর্শিক চেতনা, তাকওয়া, সংগঠনিক দক্ষতা এবং আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হালিম। তিনি বলেন, একজন প্রকৃত মুমিনের জীবন শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চিন্তা, কাজ, দায়িত্ব এবং জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রই আল্লাহর নির্দেশনার আলোকে পরিচালিত হওয়া উচিত।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণমূলক শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত নারী কর্মীরা অংশ নিচ্ছেন। শিবিরের মাধ্যমে তাদের সাংগঠনিক দক্ষতা ও নৈতিক উন্নয়ন আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
