পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ ও স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোঃ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মোঃ হাফিজুল ইসলাম আদালতে এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে যে, তিনি আইজিপি থাকা অবস্থায় এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
দুদক আরো জানায়, বেনজীর বর্তমানে তার নিজের এবং আত্মীয়দের নামে থাকা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এতে করে তদন্ত শেষ হওয়ার পর রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের নামে থাকা দুটি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি হিসাব এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা দুটি ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক ছিলেন। গত বছরের ৪ মে তিনি সপরিবারে দেশত্যাগ করেন।
এরই মধ্যে আদালতের আদেশে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগে প্রভাবশালী সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দেশে-বিদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আদালতের এই সিদ্ধান্ত তদন্তের স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক টার্গেট 






















