খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান

জাতীয়

চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার দুপুরে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশের রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ এবং জনগণের সমর্থন নিয়েই উন্নয়ন ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় শুধু স্বপ্ন দেখার নয়, বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের। এমন পরিকল্পনা করতে হবে, যার সুফল সরাসরি দেশের সাধারণ মানুষ পাবে এবং দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। তিনি জানান, দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন এবং একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।

খোর্দ্দ খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে খাল-নদী পুনরুদ্ধারের বিকল্প নেই। খাল খননের মাধ্যমে কৃষকরা সেচ সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশের ২০ কোটি মানুষ দেশকে বিশ্বের বুকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, প্রায় পাঁচ দশক আগে এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। দীর্ঘ সময় পর সেই খাল পুনঃখননের কার্যক্রম আবার শুরু হওয়ায় এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং জনগণের কল্যাণে ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নে কাজ করবে। তিনি দাবি করেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণের আস্থা ও সমর্থন।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান দেশ গঠনের কাজে পাশে থাকার আহ্বান জানান। তার বক্তব্যের একপর্যায়ে তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন, তারা দেশ গঠনের কাজে তার সঙ্গে আছেন কিনা। উপস্থিত হাজারো মানুষ হাত নেড়ে ও স্লোগানে সমর্থন জানালে প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ বলে প্রতিক্রিয়া জানান।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি ফলক উন্মোচনের পর কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন এবং পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্যসচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সহসভাপতি আবু ইউসুফ রুপমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খোর্দ্দ খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। প্রায় ৪৮ বছর পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।