সকাল না রাত কখন গোসল বেশি উপকারী?

লাইফস্টাইল

শরীর ও মন সুস্থ রাখার সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপায় হলো নিয়মিত গোসল। এটি শুধু আমাদের ত্বক ও শরীর পরিষ্কার রাখে না, বরং ক্লান্তি দূর করে, মনকে সতেজ করে এবং নানা অসুস্থতা থেকেও সুরক্ষা দেয়।

তবে অনেকেই দ্বিধায় পড়েন কোন সময় গোসল করা সবচেয়ে উপকারী? সকাল, নাকি রাত?

সকালের গোসল: দিন শুরু হোক সতেজতায়

আয়ুর্বেদের মতে, সকালের ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীর চাঙ্গা হয়ে ওঠে, মনেও তৈরি হয় ফুরফুরে ভাব। এটি রক্তসঞ্চালন বাড়ায়, ঘুম ভাব দূর করে এবং মানসিকভাবে একজনকে করে তোলে আরো সক্রিয়।

বিশেষজ্ঞরাও মনে করেন, সকালবেলা গোসল করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। যারা সকালে কাজে বা পড়াশোনায় ব্যস্ত থাকেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক শক্তির উৎস।

রাতের গোসল: শান্ত ঘুমের প্রস্তুতি

অন্যদিকে, অনেক চিকিৎসক ও ত্বক বিশেষজ্ঞ মনে করেন, রাতে গোসল করাও শরীরের জন্য সমানভাবে উপকারী। দিনের শেষে আমরা যখন বাসায় ফিরি, তখন শরীরে ধুলাবালি, ঘাম ও দূষণ জমে যায় বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের ত্বকে এসব জমে সৃষ্টি করতে পারে ব্রণ, দাগ ও অন্যান্য ত্বকের সমস্যা।

রাতে ঘুমানোর আগে গোসল করলে ত্বক যেমন পরিষ্কার থাকে, তেমনি এটি ঘুমের জন্যও বেশ সহায়ক। ঠান্ডা বা গরম পানি দিয়ে গোসল করলে শরীরের উত্তাপ কমে, পেশির টান ও ব্যথা দূর হয়, মানসিক চাপ কমে এবং ঘুম আরও ভালো হয়। তাই রাতে গোসল অনেকের কাছে একটি ঘুমের রুটিনের অংশ হয়ে উঠেছে।

কোনটা আপনার জন্য উপকারী?

সকালের গোসল আপনাকে দেয় দিন শুরু করার উদ্দীপনা, আর রাতের গোসল আপনাকে দেয় আরামদায়ক ঘুমের নিশ্চয়তা। আপনি যদি দিনে বাইরে বেশি সময় থাকেন এবং রাতে ত্বক পরিষ্কার রাখার প্রয়োজন হয়, তাহলে রাতের গোসল আপনার জন্য উপকারী। আবার সকালের গোসল কর্মক্ষমতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

গোসল করার নির্দিষ্ট সময় নিয়ে বিতর্ক থাকলেও একথা পরিষ্কার নিয়মিত গোসল করা সুস্থ জীবনের অংশ। আপনি কোন সময় গোসল করবেন, সেটি নির্ভর করে আপনার দৈনন্দিন রুটিন, পেশা এবং ব্যক্তিগত অভ্যাসের ওপর। তবে দিন হোক কিংবা রাত একটি পরিষ্কার ও সতেজ শরীর ও মনের জন্য গোসল করুন নিয়মিত।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।