চয়নিকা চৌধুরীর নাটকে প্রায় নিয়মিতই অভিনয় করেন আবুল হায়াত ও ডলি জহুর। নির্মাতাও তাঁদের অভিনয়ে ভরসা পান। চয়নিকা চৌধুরী জানিয়েছেন, তাঁর পরিচালনায় প্রায় আড়াই শ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, আর ডলি জহুর করেছেন দুই শতাধিক নাটকে। চয়নিকা চৌধুরী বলেন, ‘এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই এই নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায় অনেক। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আমাকে সব সময়ই আপ্লুত করে।’
আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরী অভিজ্ঞ পরিচালক। তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। আহারে জীবন নাটকটির গল্প সুন্দর। আশা করছি ভালো লাগবে দর্শকের।’
ডলি জহুর বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি, আরাম বোধ করি। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা চমৎকার। যথারীতি আহারে জীবন নাটকেও আমাদের অভিনয় দর্শকের ভালো লাগবে। আর চয়নের নাটক মানেই একটা আলাদা ভালো লাগা কাজ করে নিজের ভেতর। তার পরিচালনায় অসংখ্য নাটকে অভিনয় করেছি। চয়নকে অনেক ধন্যবাদ আমাদের অভিনয়জীবনের সঙ্গে বহু বছর সম্পৃক্ত থাকার জন্য।’
চয়নিকা চৌধুরী জানিয়েছেন, আহারে জীবন নাটকটি শিগগিরই রঙ্গন ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।

দৈনিক টার্গেট 



























