বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ উদ্যোগে এই সেবা চালু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা আমাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।”
তিনি আরও জানান, গুগল পে চালুর মাধ্যমে সিটি ব্যাংক আবারও প্রমাণ করেছে যে তারা দেশের ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত। আধুনিক, নিরাপদ ও বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সেবা প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সেবাটি আরও বিস্তৃত হবে।
গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশ বা বিদেশের যেকোনো পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে তাদের অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে লেনদেন করতে পারবেন। এতে কার্ড বহনের প্রয়োজন হবে না। শুধু একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও গুগল পে অ্যাপ ইনস্টল করলেই হবে।
এই সেবায় কোনো অতিরিক্ত ফি নেই এবং নিরাপত্তার জন্য কার্ডের মূল তথ্যের পরিবর্তে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।
















Leave a Reply