বাংলাদেশ ক্রিকেট দলের বহুদিনের স্বপ্ন অবশেষেই পূরণ হলো। শ্রীলঙ্কার মাটিতেই কখনো কোনো সংস্করণে সিরিজ না জেতার দুঃখ এবার কাটল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা।
আর এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দারুণভাবেই যাত্রা শুরু করলেন লিটন দাস।
সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। ১৩৩ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন পারভেজ হোসেন ইমন। তবে বিপদের শুরুতেই ভরসা হয়ে দাঁড়ান তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস।
দ্বিতীয় উইকেটে ৭৪ রানের কার্যকরী জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৩২ রানে লিটন ফিরে গেলে সেই জুটি ভাঙলেও তানজিদ তামিম ছিলেন অটল। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলেই তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন ইতিহাসগড়া জয়। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা ও একটি চার। অপরদিকে, তাওহিদ হৃদয়ও ২৭ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
তবে ব্যাটিংয়ের আগে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। বিশেষ করে অফস্পিনার শেখ মেহেদী হাসান ছিলেন অনবদ্য। মাত্র ১১ রান খরচায় তুলে নেন ৪ উইকেট, যার মধ্যে ছিল একটি মেডেন ওভারও। এই পারফরম্যান্স তার ক্যারিয়ারসেরা। এর আগে ২০২৪ সালের কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং।
শেখ মেহেদীর স্পিন ঘূর্ণিতে অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ওভার শেষে মাত্র ১৩২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
এই জয়ের মাধ্যমে লঙ্কান মাটিতে বাংলাদেশের অজেয় থাকার ইতিহাসে ইতি টেনে একটি নতুন অধ্যায়ের সূচনা করল টাইগাররা।
















Leave a Reply