হামে প্রাণহানি বেড়ে ৪৫৩

জাতীয়

দেশজুড়ে হামের প্রকোপ এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি মানুষের শরীরে হাম বা এর লক্ষণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৬ মে) প্রকাশিত স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে বলা হয়, নতুন মারা যাওয়া দুইজনই সিলেট বিভাগের বাসিন্দা। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে পরীক্ষার মাধ্যমে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯৬১ জনের মধ্যে রোগটির বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের লক্ষণ দেখা দিয়েছে।

একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৪ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও সংক্রমণ বাড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।