শাহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মর্মান্তিক দুর্ঘটনায় দোয়া ও মোনাজাত
ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজসমূহ (মোট ৭টি), বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল এবং ব্লু স্কাই স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকে। এছাড়া এখনও যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তাঁদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
এই আয়োজনে বিশেষভাবে স্মরণ করা হয় দুই আত্মত্যাগী শিক্ষিকাকে, যাঁরা জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। একই সঙ্গে সম্মান জানানো হয় সেই সাহসী শিক্ষার্থীদের, যারা নিজের জীবন বিপন্ন করে বন্ধুদের উদ্ধার করতে এগিয়ে এসেছিল।
দোয়ার সময় শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, হৃদয়ে বেদনা আর আত্মত্যাগীদের প্রতি গভীর শ্রদ্ধা। দোয়া শেষে ভবিষ্যতে যেন এমন হৃদয়বিদারক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রার্থনাই উঠে আসে শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত সবার হৃদয় থেকে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কলেজ ও বিদ্যালয়ের অধ্যক্ষগণ, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক বিপর্যয়ে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে তারা এবং ভবিষ্যতে আরও সচেতনতা তৈরির কাজ চলবে।
