দৈনিক টার্গেট

দেশের চেতনায়

৬ ব্যাংকে ১,৩৩৫ কর্মকর্তা নিয়োগ

দেশের ব্যাংকিং খাতে চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে মোট ১ হাজার ৩৩৫ জন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে রূপালী ব্যাংকে। প্রতিষ্ঠানটিতে ৭৭২টি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অগ্রণী ব্যাংকে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১২৭, বেসিক ব্যাংকে ২৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১১ এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ২ জন কর্মকর্তা নিয়োগ পাবে।

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের যেকোনো একটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। তবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বয়সের ক্ষেত্রে ২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পাশাপাশি ব্যাংকের প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অনলাইন নিয়োগ পোর্টালে আবেদন সম্পন্ন করতে হবে। যেসব প্রার্থী আগে থেকেই সিস্টেমে নিবন্ধিত রয়েছেন, তারা পূর্বের তথ্য ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুন আবেদনকারীদের আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ২০০ টাকা ফি জমা দিতে হবে, যা রকেট সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করাও বাধ্যতামূলক। এ প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত সময় ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত ট্র্যাকিং তথ্য সংরক্ষণ করা জরুরি। কারণ এটি আবেদন জমা দেওয়ার প্রমাণ হিসেবে বিবেচিত হবে। নিয়োগসংক্রান্ত ভবিষ্যৎ নির্দেশনা, পরীক্ষার সময়সূচি কিংবা কোনো সংশোধনী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

তাই শেষ মুহূর্তের চাপ ও প্রযুক্তিগত জটিলতা এড়াতে প্রার্থীদের যথাসময়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।