কয়রায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিলেন মনিরুল হাসান বাপ্পি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি খুলনা জেলা কমিটির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি ক্রীড়া ও যুবসমাজের উন্নয়নের জন্য কয়রায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, “সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো অপরিহার্য।” মনিরুল হাসান বাপ্পি উল্লেখ করেন, যদি তিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তাহলে উপজেলা সদরে ক্রীড়াপ্রেমীদের জন্য একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন। তিনি আশা প্রকাশ করেন, এটি তরুণদের অবসর সময়কে সক্রিয় ও সৃষ্টিশীল কাজে ব্যয় করতে সহায়ক হবে।
এ ঘোষণা দেন তিনি গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেলটু ও আবু সাঈদ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম এবং সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও যুবদল নেতা আহাদুর রহমান লিটন, এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ক্রীড়াপ্রেমীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোল্লা আইয়ুব হোসেন, শহিদুল ইসলাম শহিদ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রুবেল মীর ও জিএম রাসেল ইসলাম।
মনিরুল হাসান বাপ্পি দিনের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতেও অংশগ্রহণ করেন এবং ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পরে তিনি কয়রা উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রার্থী মনিরুল হাসান বাপ্পির এই পদক্ষেপকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন, বিশেষ করে যুবসমাজ এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।
