২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে যে, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে।
বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, যশোর-এর আওতাধীন এই উপজেলায় এবার মোট ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে নুরনগর আশালতা সেকেন্ডারি স্কুল থেকে ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৬৯ জন উত্তীর্ণ হয়, যা শতকরা ৯০.৭৯% পাসের হার। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিষ্ঠানটি থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, নকিপুর সরকারি এইচ.সি. পাইলট সেকেন্ডারি স্কুল দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং ১০৯ জন উত্তীর্ণ হয় (৮৭.৯০%)। তারা জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
এই তালিকায় পাত্রাখোলা আরশাদ আলী হাই স্কুল, হেনচি বঙ্গবন্ধু হাই স্কুল, কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এবং নকিপুর পাইলট গার্লস স্কুল এর মতো বেশ কিছু প্রতিষ্ঠানও উল্লেখযোগ্য ফলাফল করেছে।
তবে শ্যামনগর উপজেলার কিছু বিদ্যালয়ে পাশের হার আশঙ্কাজনকভাবে কম। যেমন—ঈশ্বরিপুর এ. সোবহান সেকেন্ডারি স্কুল-এর ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৩ জন উত্তীর্ণ হয়েছে (৩০.২৩%), এবং মুন্সিগঞ্জ সেকেন্ডারি স্কুল-এর ২২ জনের মধ্যে পাশ করেছে মাত্র ৭ জন (৩১.৮২%)।
এই ফলাফল প্রসঙ্গে শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ফলাফলে যেসব স্কুল ভালো করেছে তাদের ধন্যবাদ জানাই। যারা পিছিয়ে আছে, তাদের জন্য পৃথক একাডেমিক সহায়তা ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ভালো ফলাফল করা প্রতিষ্ঠানগুলোতে খুশির আমেজ ও আনন্দ বিরাজ করছে, অপরদিকে ব্যর্থ প্রতিষ্ঠানে হতাশা স্পষ্ট।
শিক্ষাবিদগণ মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, আধুনিক পাঠদান, দক্ষ শিক্ষক এবং একাডেমিক মনিটরিং বাড়ানোর মাধ্যমে পাশের হার উন্নয়ন সম্ভব।















Leave a Reply