দৈনিক টার্গেট

দেশের চেতনায়

এসএসসি ফল: পাস ৬৮.৪৫%

শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এ বছর সারাদেশে পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ।

বৃহস্পতিবার ১০ জুলাই সকালে ঢাকার শিক্ষা বোর্ড ভবনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এবার মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

শিক্ষাবোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড, যার পাসের হার ৭৩.৬৯ শতাংশ।

অন্যান্য বোর্ডগুলোর পাসের হার নিম্নরূপ

কারিগরি শিক্ষা বোর্ড: ৭৩.৬৩%

চট্টগ্রাম বোর্ড: ৭২.০৭%

সিলেট বোর্ড: ৬৮.৫৭%

মাদ্রাসা বোর্ড: ৬৮.০৯%

ঢাকা বোর্ড: ৬৭.৫১%

দিনাজপুর বোর্ড: ৬৭.০৩%

কুমিল্লা বোর্ড: ৬৩.৬০%

ময়মনসিংহ বোর্ড: ৫৮.২২%

বরিশাল বোর্ড: ৫৬.৩৮%

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ছিলেন ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ছিলেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

দেশব্যাপী মোট ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার মাত্র দুই মাসের ব্যবধানে দ্রুততম সময়ে ফল প্রকাশ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ফলাফল প্রস্তুত করা হয়েছে বাস্তবভিত্তিক মূল্যায়ন নীতির আলোকে, যাতে সঠিকভাবে শিক্ষার্থীদের অর্জন মূল্যায়ন সম্ভব হয়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।