রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিশুর বাবা মোহাম্মদ ইউনুছ (৪৪) মঙ্গলবার (২৫ জুন) কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ দুই শিশু হলো মোঃ আনিস (১২) এবং মোঃ সিফাত (১০)। পিতার নাম মোঃ ইউনুছ, মাতা কহিনুর আক্তার। তাদের স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী, দক্ষীণ হীলা গ্রামে হলেও তারা বর্তমানে পরিবারসহ মেরাজনগর ব্লক-বি, ইউনুস টাওয়ার, দেলওয়ার মিয়ার পাশের বাসায় বসবাস করছে।
মোঃ ইউনুছ জানান, গত ১৪ জুন ২০২৫ ইং তারিখ সকাল ১১টার দিকে দুই শিশু মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাদের সন্ধান মেলেনি।
নিখোঁজ দুই শিশুর শারীরিক বর্ণনা অনুযায়ী, মোঃ আনিসের বয়স ১২ বছর, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মুখ গোলাকার, চুল কালো এবং ঘটনার দিন তার গায়ে ছিল কলিজা রঙের পায়জামা ও সাদা-গোলাপী রঙের গোল গলা গেঞ্জি। অপরদিকে, মোঃ সিফাতের বয়স ১০ বছর, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মুখ গোলাকার, চুল কালো এবং ঘটনার দিন তার পরনে ছিল কালো গোল গলা গেঞ্জি ও খয়েরি রঙের স্ত্রী-কোয়টার প্যান্ট।
পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় দুই মাস আগে ছোট ছেলে সিফাত একবার বাসা থেকে পালিয়ে গিয়ে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।
এ বিষয়ে কদমতলী থানার ডিউটি অফিসার মোসাঃ নুসরাত জাহান (বিপি-৯২১৯২২৪৩৪৮) জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ শিশুদের খুঁজে পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
শিশু দুটির সন্ধান পেলে বা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কদমতলী থানা বা শিশুদের পরিবারের সঙ্গে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: মোবাইল- ০১৮০৬৬২৩২১০ (মোঃ ইউনুছ)।
নিখোঁজ দুই শিশুর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবার এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।















Leave a Reply