পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আগামী ২৬ আগস্ট যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। দিবসটিতে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সাজবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান
দিবসটি উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও স্থান সাজানো হবে। ঢাকা মহানগরীর ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকার পাশাপাশি রঙিন পতাকা এবং ‘কালিমা তাইয়্যিবা’ সংবলিত ব্যানার টাঙানো হবে।
দেশের মসজিদগুলোতেও বিশেষ কর্মসূচি থাকবে। বাংলাদেশ সচিবালয় মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
বিভাগ ও জেলা পর্যায়েও আয়োজন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এসব আয়োজনে ইসলামের শান্তি, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইলেকট্রনিক মাধ্যমে ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আরবি ভাষায় খুতবা লেখার প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন একটি স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করবে।
শিশুদের জন্য থাকছে আলাদা কর্মসূচি
বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের অংশগ্রহণে হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দিবসটি উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
হাসপাতাল-কারাগারেও বিশেষ খাবার
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র এবং প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।
নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরার মধ্য দিয়ে এবারও দেশব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
দৈনিক টার্গেট 





















